- পরিবারের আপত্তি সত্ত্বেও মরদেহ কক্সবাজার মর্গে পাঠানো হলো
- শেষ দেখা না পেয়ে হতাশায় ফিরে গেলেন শত শত মানুষ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বোরহান উদ্দিন রব্বানীর জানাজার মাত্র কয়েক মিনিট আগে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হেফাজতে নিয়েছে পুলিশ। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও আইনি প্রক্রিয়ার কথা জানিয়ে রোববার রাতে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ফলে দূরদূরান্ত থেকে শেষবারের মতো দেখতে ও জানাজায় অংশ নিতে আসা শত শত মানুষ জানাজা ছাড়াই ফিরে গেছেন।
শেষ মুহূর্তে প্রশাসনিক পদক্ষেপ
পারিবারিক সূত্রে জানা যায়, আত্মীয়স্বজন ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণের কথা বিবেচনা করে রোববার এশার নামাজের পর রাত সাড়ে ৮টায় বোরহানের জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। আসরের পর থেকেই এলাকায় মাইকিং করা হলে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দূরদূরান্ত থেকে হাজারো মানুষ জানাজাস্থলে উপস্থিত হন। কিন্তু জানাজার নির্ধারিত সময়ের ঠিক আগমুহূর্তে পুলিশ উপস্থিত হয়ে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের বাধ্যবাধকতার কথা জানিয়ে মরদেহ কক্সবাজার সদরে নিয়ে যায়। এতে নিহতের স্বজন ও জানাজায় আসা লোকজনের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়।
আকস্মিক মৃত্যু ও শোকের ছায়া
এর আগে শনিবার দুপুরে কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়াপাড়ায় অবস্থিত নিজস্ব ব্যবসায়িক কার্যালয় থেকে বোরহান উদ্দিন রব্বানীর মরদেহ উদ্ধার করেন স্বজন ও স্থানীয়রা। বোরহান কালারমারছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এবং বর্তমানে ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্বে ছিলেন। নিওমিত সামাজিক কর্মকাণ্ড ও সুসম্পর্কের কারণে তাঁর এই আকস্মিক মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তরের পর নতুন করে জানাজার সময়সূচি ঘোষণা করা হবে।

0 মন্তব্যসমূহ