চুরি হওয়া ১ লাখ ৬০ হাজার টাকার ২ গরু উদ্ধার

 

ঈদগাঁও থানা পুলিশের দ্রুত অভিযানে চোর চক্রের সদস্য আটক; মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ এক বিশেষ অভিযানে চুরি যাওয়া দুইটি গরু উদ্ধারসহ গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই এই সফল অভিযান পরিচালনা করে পুলিশ।

জানা যায়, গত ৬ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের বাহাম বাগান এলাকার মোঃ নুরুল হুদার গোয়ালঘর থেকে আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের দুটি গরু (একটি গাভীন ও একটি খারুল) চুরি হয়। ঘটনার পরদিন ভোরে চোরেরা চুরি যাওয়া গরুগুলোর মধ্যে একটি খারুল গরুকে চেম্পল প্লট এলাকায় আব্দুল মান্নানের বসতবাড়ীর সামনে গাছগাছালির বাগানে রশি দিয়ে বাঁধা অবস্থায় ফেলে যায়। এ বিষয়টি তাৎক্ষণিকভাবে ঈদগাঁও থানা পুলিশকে জানানো হয়।

গরু চুরির অভিযোগের প্রেক্ষিতে একই দিন সকাল ১০টার দিকে ঈদগাঁও থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান শুরু করে। অভিযান চালিয়ে ইসলামপুর ইউপিস্থ চেম্পল প্লট এলাকা থেকে চুরি যাওয়া দুটি গরুই উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। একইসাথে, চোর চক্রের সদস্য মোঃ শহীদ জিয়া (২০)-কে ইসলামাবাদ ইউপিস্থ শাহ ফকিরা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। শহীদ জিয়া ইসলামপুর ইউনিয়নের বাহাম বাগান এলাকার নূর মোহাম্মদের পুত্র।

কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চুরি ও অন্যান্য সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় একটি মামলা (মামলা নং- ২/১৩১, তারিখ- ০৬/১১/২০২৫ খ্রি.) দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


#ঈদগাঁও #গরুচুরি #পুলিশের_অভিযান #কক্সবাজার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ