জুলাই শহিদ দিবসে কক্সবাজার জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার |
যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে কক্সবাজার জেলা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জেলা পুলিশের পক্ষ থেকে এই বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শহিদদের মহান আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে পুলিশ কর্মকর্তারা বলেন, জুলাই গণআন্দোলনের বীর শহিদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের এই অনন্য অবদান আগামী দিনেও পুরো জাতিকে অন্যায় ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হতে আজীবন অনুপ্রেরণা জোগাবে।
পুষ্পস্তবক অর্পণ শেষে আন্দোলনে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সার্বিক সমৃদ্ধি কামনা করা হয়। জেলা পুলিশের কর্মকর্তারা জানান, এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচির মূল লক্ষ্য শহিদদের ত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস ও চেতনাকে সমুন্নত রাখা।

0 মন্তব্যসমূহ