এরফান হোছাইন:
কক্সবাজারের ইনানীতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ইনানী স্টেশন কোস্ট গার্ডের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে মাদকের চালান পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়। বাসটি এলাকায় পৌঁছালে কোস্ট গার্ড সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন এক বাসযাত্রীকে তল্লাশি করে তাঁর পেটে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাঁকে হাতেনাতে আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আটককৃত ব্যক্তি
হাফেজ উল্লাহকে জামায়াতের নেতা বা কর্মী বলে প্রচার করা হলেও তিনি
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি আবদুর রহমান বদির ফুফাতো বোনের জামাই । এর আগে তিনি ইয়াবা নিয়ে আরো দুই বার ধরা পড়েছিলেন।
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0 মন্তব্যসমূহ