কক্সবাজারে ‘জুলাই শহিদ দিবস’ পালিত



কক্সবাজার প্রতিনিধিঃ

নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে শহরের বাস টার্মিনাল এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুস্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক দল, গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা ও ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা যৌথভাবে এই শ্রদ্ধা নিবেদন করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, স্থানীয় সরকার কার্যালয়ের উপপরিচালক শামীম আল ইমরান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল আলম এবং সিভিল সার্জন ড. মোহাম্মদ ছাবের।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির নূর আহমেদ আনোয়ারী, শহর আমির আব্দুল আল ফারুক, জামায়াত নেতা শহিদুল আলম বাহাদুর এবং জেলা এনসিপির আহ্বায়ক আখতার আলম। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি সাহেদ, আলমগীর ও রবিউলসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সভায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের মহান আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরেন। তারা শহিদদের স্মৃতি ও আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ