কক্সবাজারে পাহাড় কেটে মাটি পাচার: বন বিভাগের অভিযানে ‘পাহাড়খেকো’ মোক্তারের ডাম্পার জব্দ

কক্সবাজারে পাহাড় কেটে মাটি পাচার: বন বিভাগের অভিযানে ‘পাহাড়খেকো’ মোক্তারের ডাম্পার জব্দ -RBN


নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের পানেরছড়ায় সরকারি বনভূমির পাহাড় কেটে অবৈধভাবে মাটি পাচারের সময় একটি মাটিবোঝাই ডাম্পার (মিনি ট্রাক) জব্দ করেছে বন বিভাগ। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে গাড়ি ফেলেই সটকে পড়েন চালক।

শনিবার (২৫ জুলাই) পানেরছড়া রেঞ্জের আওতাধীন শিয়াপাড়া এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়।

বন বিভাগ সূত্র জানায়, সরকারি বনভূমি থেকে পাহাড় কেটে মাটি ও বালু পাচার করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশে অভিযানটি পরিচালিত হয়। সহকারী বন সংরক্ষক (সদর) শ্যামল কুমার ঘোষের নেতৃত্বে এতে অংশ নেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম, বিট কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বনরক্ষীরা। ঘটনাস্থল থেকে জব্দ করা ডাম্পারটি বর্তমানে পানেরছড়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

ডাম্পারের মালিক চিহ্নিত ‘পাহাড়খেকো’ মোক্তার

স্থানীয় ও বন বিভাগের অনুসন্ধানে জানা যায়, জব্দ করা ডাম্পারটির মালিক রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী এলাকার বাসিন্দা মোক্তার আহমদ ওরফে মোক্তার মেম্বার। এলাকায় তিনি ‘পাহাড়খেকো’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পাহাড় কাটা, বন দখল এবং পরিবেশ ধ্বংসের অভিযোগে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল আলম বলেন, "মাটি পাচারের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। চালক পালিয়ে গেলেও ডাম্পারটি আমরা জব্দ করতে সক্ষম হই। এ ঘটনায় গাড়ির মালিক মোক্তার মেম্বারকে চিহ্নিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বন ও পরিবেশ আইনে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোষ বলেন, "পাহাড় রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছি। পাহাড় কাটা এবং অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ