নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় মো. সাজ্জাত বিন ইমতিয়াজ নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে অপহরণের পর হাত কেটে নৃশংসভাবে নির্যাতন করেছে একদল দুর্বৃত্ত।
গত ১২ জুলাই (রোববার ) সন্ধ্যার দিকে সংঘটিত এই ঘটনার পর আহত ছাত্রকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা পাঁচজনকে অভিযুক্ত করে কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অপহৃত শিশুর বাবা সুমন জানান, কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাজ্জাত গত রোববার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে কলাতলী ডলফিন মোড় থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে কলাতলী উঠনি এলাকায় পৌঁছালে চালকসহ পাঁচজন আরোহী নিয়ে আসা একটি অপরিচিত সিএনজিচালিত অটোরিকশা তার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা অস্ত্রের মুখে সাজ্জাতকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।
বর্বর নির্যাতন ও হাত কেটে ফেলে রাখা
ভুক্তভোগীর পরিবার জানায়, অপহরণের পর সাজ্জাতকে একটি নির্জন স্থানে নিয়ে রাতভর হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে নৃশংসতার চরম রূপ হিসেবে ধারালো অস্ত্র দিয়ে তার বাম হাত কেটে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। পরে রাত আনুমানিক দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে মেরিন ড্রাইভের হিমছড়ি সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা। রাত ৩টার দিকে জ্ঞান ফিরলে সাজ্জাত কোনোমতে হেঁটে রক্তাক্ত অবস্থায় বাড়ি পৌঁছায়। স্বজনরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের পর জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলছাত্রের ওপর এমন বর্বর হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

0 মন্তব্যসমূহ