কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা থানায় ফিরিয়ে দিয়ে পুরস্কৃত হলেন আনসার সদস্য

 



কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পথিমধ্যে কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা থানায় জমা দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই আনসার সদস্য। 

টাকার লোভ লালসাকে ঊর্ধ্বে ঠেলে দিয়ে তাদের এই দৃষ্টান্তমূলক সততার স্বীকৃতিস্বরূপ কক্সবাজার জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) তাঁদের আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত ও সম্মানিত করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৬ জুলাই) কক্সবাজার বিমানবন্দর আনসার ক্যাম্পে কর্মরত আনসার সদস্য মোঃ রবিউল হোসেন এবং তাঁর সঙ্গী আনসার সদস্য নিরঞ্জন দাশ পথিমধ্যে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা খুঁজে পান। টাকা পাওয়ার পরপরই তাঁরা কোনো প্রকার লোভের বশবর্তী না হয়ে সম্পূর্ণ অর্থটি নিরাপদে থানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেন এবং তাৎক্ষণিকভাবে থানায় হাজির হয়ে টাকাটি জমা দেন।


আনসার সদস্যদের এই অতুলনীয় সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের খবর ছড়িয়ে পড়লে কক্সবাজার জেলার পুলিশ সুপার তাঁদেরকে তাঁর কার্যালয়ে আমন্ত্রণ জানান। এ সময় পুলিশ সুপার এই মহৎ ও অনুকরণীয় কাজের জন্য তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে সততার যোগ্য স্বীকৃতি ও অনুপ্রেরণাস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের হাতে আনুষ্ঠানিক পুরস্কার তুলে দেওয়া হয়।

উপস্থিত কর্মকর্তারা মন্তব্য করেন, সম্মুখসারির একটি শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এমন সততা ও দায়িত্বশীল আচরণ সমাজে পারস্পরিক বিশ্বাস এবং সততার সংস্কৃতিকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ