চকরিয়ায় মিনি ট্রাকসহ মাদক কারবারি গ্রেপ্তার, প্রায় ২০ হাজার ইয়াবা উদ্ধার

 

চকরিয়ায় মিনি ট্রাকসহ মাদক কারবারি গ্রেপ্তার, প্রায় ২০ হাজার ইয়াবা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মিনি ট্রাকসহ মোঃ এহসান (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 শনিবার (৪ জুলাই) ভোর আনুমানিক পৌনে ৬টার দিকে চকরিয়া থানাধীন জিদ্দাবাজার এলাকার মহাসড়কে এই সফল অভিযান চালানো হয়।


গ্রেপ্তারকৃত মাদক কারবারি মোঃ এহসান (২৬) চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার চুনতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া সাতঘর এলাকার মোঃ রফিক আহম্মদের ছেলে।

যেভাবে পরিচালিত হলো অভিযান

চকারিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহেদুল্লাহ, সুজন বিকাশ চাকমা ও আমজাদ হোসেনসহ পুলিশের একটি চৌকস আভিযানিক দল জিদ্দাবাজারস্থ ফারুকের দোকানের সামনে মহাসড়কে অবস্থান নেয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি নীল রঙের সন্দেহভাজন মিনি ট্রাককে থামানোর সংকেত দেয় পুলিশ। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯ হাজার ৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক চালানের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ এবং চালকের আসনে থাকা মাদক কারবারি এহসানকে গ্রেপ্তার করা হয়।


চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ জানান, উদ্ধারকৃত মাদক ও আলামত জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক চকরিয়া থানায় একটি মামলা (মামলা নং-০৯, জিআর নং-২৮৮) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ