মহেশখালীতে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে জমি দখলের চেষ্টা, নেপথ্যে কুখ্যাত গফুর ও ভুট্টো বাহিনী
//একাধিক হত্যা মামলার আসামির পাহারায় খুঁটি স্থাপন; থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ
আদালতের নিষেধাজ্ঞা ও স্থিতাবস্থা (Status Quo) বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কক্সবাজারের মহেশখালীতে এক মরহুম আলেমের জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছে একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র। একাধিক হত্যা মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মো. গফুরের সশস্ত্র পাহারায় এই অবৈধ দখলচেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ মে) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার ফকিরাকাটা লম্বাডেইল এলাকায় এই ঘটনা ঘটে। ফকিরাঘোনার মৌলভী আনচুর আলী পাড়ার বাসিন্দা আজিজুল হক ভুট্টো এবং তাঁর তিন ভাই—আনচার, শফিক ও লোকমান বহিরাগত একদল সশস্ত্র সন্ত্রাসী নিয়ে মৃত মাওলানা আবদুল কুদ্দুসের মালিকানাধীন জমিতে হানা দেন। আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও তারা সেখানে জোরপূর্বক ২০-৩০টি সীমানা খুঁটি পুঁতে জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা চালান।
অনুসন্ধানে জানা যায়, এই জমি দখলের মূল শক্তির জোগান দিচ্ছে বড় ডেইল এলাকার মৃত লম্বা চান মিয়ার ছেলে কুখ্যাত সন্ত্রাসী মো. গফুর। সে এলাকায় একটি দুর্ধর্ষ অস্ত্রধারী বাহিনী গড়ে তুলেছে। স্থানীয়দের অভিযোগ, গফুর ফকিরাকাটার ফারিগুল ঘোনার কালা বাঁশি হত্যাকাণ্ড, আব্দুস সামাদ হত্যাকাণ্ড, ফজল এবং ওসমান হত্যা মামলার প্রধান আসামি। এই চিহ্নিত অপরাধীর ছত্রছায়ায় ভুট্টো ও তাঁর শ্বশুরবাড়ির ক্যাডাররা এলাকায় একের পর ভূমি দখল মিশন বাস্তবায়ন করে চলেছে।
প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে আদালতের আদেশ অবমাননা করায় ফকিরাকাটা ও লম্বাডেইল এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, এভাবে যদি দুর্ধর্ষ অপরাধীরা আদালতের রায়কে বুড়ো আঙুল দেখায়, তবে বিচার ব্যবস্থার ওপর থেকে সাধারণ মানুষ আস্থা হারিয়ে ফেলবে।
এই ন্যাক্কারজনক ঘটনায় জানমালের নিরাপত্তা চেয়ে এবং আদালতের আদেশ বাস্তবায়ন করতে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট দ্রুত আইনি পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন মরহুম মাওলানা আবদুল কুদ্দুসের অসহায় ওয়ারিশগণ।
এ নিয়ে অভিযুক্ত ব্যক্তি আজিজুল হক ভুট্টো ও গফুরকে জানতে চাইলে ফোন সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ নিয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত সুলতান আহমেদ জানান, এ নিয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আদালতের আইন অমান্য করে অবৈধভাবে জমি দখলের চেষ্টায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0 মন্তব্যসমূহ