মাতারবাড়ীতে ইউএনওর নাম ভাঙ্গিয়ে আওয়ামী নেতার অবৈধ পশুর হাট

 


মাতারবাড়ীতে আওয়ামী নেতা সেরুর নের্তৃত্বে ইউএনওর নাম ভাঙ্গিয়ে ভুয়া অনুমোদনে অবৈধ পশুর হাট: হাসিলের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মহেশখালী:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল বাজার এলাকায় কথিত ও ভুয়া অনুমোদনের কপি দেখিয়ে অবৈধভাবে গরুর হাট পরিচালনা এবং সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাসিল আদায়ের অভিযোগ উঠেছে। মগডেইল এলাকার মো. সেরু নামের এক ব্যক্তির বিরুদ্ধে সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গত ২২ ও ২৫ মে এই অস্থায়ী হাট বসানোর ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

হাটে আসা একাধিক খামারি ও পশু ব্যবসায়ী জানান, প্রশাসনের বৈধ কাগজপত্র কিংবা নির্ধারিত সরকারি রসিদ ছাড়াই জোরপূর্বক ও নানামুখী চাপের মুখে তাদের কাছ থেকে গরুপ্রতি বিভিন্ন হারে হাসিল আদায় করা হচ্ছে। এই বিষয়ে অভিযুক্ত মো. সেরুর কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে ‘ডাক’ নেওয়ার দাবি করেন। পরে তিনি একটি সাদা টোকেন কাগজে হাতে লেখা এবং ইউএনও অফিসের সিল-স্বাক্ষরযুক্ত একটি অত্যন্ত সন্দেহজনক নথি প্রদর্শন করেন, যা সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের মনে জালিয়াতির বড় সন্দেহ তৈরি করেছে।



প্রাথমিক অস্বীকৃতির পর মো. সেরু স্বীকার করেন যে, মগডেইল বাজারে পর্যাপ্ত সরকারি জায়গা না থাকায় মূলত ব্যক্তি মালিকানাধীন কৃষিজমিতে এই গরুর হাট বসানো হয়েছে। একই সাথে হাট থেকে উত্তোলিত অবৈধ হাসিলের টাকা বণ্টনের এক চাঞ্চল্যকর তথ্য দিয়ে তিনি জানান, আদায়কৃত টাকার একটি বড় অংশ মহেশখালীর এক স্থানীয় সংবাদকর্মীকে, আরেকটি অংশ মহেশখালী ইউএনও অফিসে দাড়িওয়ালা ব্যাক্তিকে দেওয়া হয় এবং আরেকটি অংশ জমির মালিককে দেওয়া হয়; আর বাকি অবশিষ্টাংশ তিনি নিজে রাখেন।




সরকারি নির্দেশনা উপেক্ষা করে প্রকাশ্য দিবালোকে এভাবে পশুর হাট পরিচালনা এবং গণমাধ্যমের নাম জড়িয়ে চাঁদাবাজির বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম জানান, মগডেইল বাজার এলাকায় গরুর হাট পরিচালনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার চূড়ান্ত অনুমোদন বা কার্যাদেশ দেওয়া হয়নি। প্রশাসনের নাম ব্যবহার করে বা ভুয়া কাগজপত্র দেখিয়ে যারা অবৈধভাবে হাসিল আদায় করছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ