কক্সবাজার-মহেশখালী সেতুর কাজ শুরু হচ্ছে দ্রুত: সেতু সচিব

 


কক্সবাজার প্রতিনিধিঃ 

কক্সবাজারের মূল ভূখণ্ডের সঙ্গে মহেশখালী দ্বীপের সরাসরি সংযোগ স্থাপনের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। বাঁকখালী নদীর ওপর বহুল প্রতিক্ষীত ‘কক্সবাজার-মহেশখালী সেতু’ (বা টানেল) নির্মাণের কাজ বর্তমান সরকারের মেয়াদেই দ্রুত শুরু করার ঘোষণা দিয়েছেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অংশীজন মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য নিশ্চিত করেন।


সভায় সেতু সচিব প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, গত অন্তর্বর্তী সরকারের সময় প্রশাসনিক ও নীতিগত কারণে উন্নয়ন প্রকল্পটিতে কিছুটা স্থবিরতা ছিল। তবে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটিকে অগ্রাধিকার তালিকায় যুক্ত করায় কাজের গতি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “মহেশখালীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন এই সেতু বাস্তবায়নের মাধ্যমে অচিরেই পূরণ হবে।”


জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সেতু নির্মাণের কারিগরি ও পরিবেশগত দিকগুলো নিয়েও নিবিড় আলোচনা হয়। অংশগ্রহণকারী বিশিষ্টজনেরা পরামর্শ দেন যে, মেগা প্রকল্পটি বাস্তবায়নের সময় বাঁকখালী নদীর স্বাভাবিক গতিপথ এবং সামুদ্রিক পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়। সচিব এ প্রসঙ্গে আশ্বস্ত করেন যে, নদী শাসন ও পরিবেশগত ভারসাম্য বজায় রেখেই নকশা চূড়ান্ত করা হচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিবসহ কক্সবাজার ও মহেশখালীর বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সেতুটি চালু হলে মহেশখালীর বিচ্ছিন্ন জনপদ মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত হওয়ার পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রম এক নতুন উচ্চতায় পৌঁছাবে।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ