নিজস্ব প্রতিবেদক, টেকনাফ | ১৪ এপ্রিল ২০২৬
টেকনাফসহ দেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে মাদক ও মানবপাচার নিয়ন্ত্রণে শিগগিরই দেশব্যাপী বড় ধরনের ‘বিশেষ অভিযান’ শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাদক এখন ভয়াবহ সামাজিক ব্যাধি, এর মূল উৎপাটনে সরকার কোনো ধরনের আপস করবে না।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টেকনাফ এজাহার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনলাইনে যুক্ত হলেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠানের শুরুতে ঢাকা ও টাঙ্গাইল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষি কার্ড বিতরণের এই উদ্যোগকে কৃষকদের ভাগ্য বদলে একটি ‘ঐতিহাসিক মাইলফলক’ হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পয়েন্ট চিহ্নিত করে সাঁড়াশি অভিযান
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের কিছু এলাকাকে মানবপাচারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপরাধীরা যেসব পয়েন্ট ব্যবহার করে পাচার কাজ চালায়, সেগুলো আমাদের নজরদারিতে আছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সুসংগঠিতভাবে সাঁড়াশি অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।”
উদ্বেগ বাড়াচ্ছে অনলাইন জুয়া
মাদকের পাশাপাশি বর্তমানে অনলাইন জুয়া ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এটি সমাজের নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে। এই অবৈধ কার্যক্রম রুখতে সরকার ইতোমধ্যে কারিগরি গবেষণা শুরু করেছে। দ্রুতই এর স্থায়ী ও টেকসই সমাধান নিশ্চিত করা হবে।”
নির্বাচনী প্রতিশ্রুতি ও উন্নয়ন
রাজনীতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “ভোটের কালি শুকানোর আগেই বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। আমরা যা বলি, তা-ই করে দেখাই। কৃষকই আমাদের অর্থনীতির মেরুদণ্ড, তাই তাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”
তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান
মাদক ব্যবসায়ী ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে সাধারণ মানুষ ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে কাজ করতে পারবে।
উপস্থিত ছিলেন যারা:
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল এবং কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এছাড়াও বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক আবদুল মান্নান এবং পুলিশ সুপার সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#স্বরাষ্ট্রমন্ত্রী #সালাহউদ্দিন_আহমদ #টেকনাফ #মাদকবিরোধী_অভিযান #মানবপাচার #কৃষিকার্ড #প্রধানমন্ত্রী_তরেক_রহমান #কক্সবাজার_সংবাদ।

0 মন্তব্যসমূহ