টেকনাফের হ্নীলা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ল্যাংড়া রাসেল’ গ্রেফতার।



মানবিক সেবার পাশাপাশি অপরাধ দমনে আপসহীন নীতি অবলম্বন করে আসছে র‌্যাব-১৫। এরই ধারাবাহিকতায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ এলাকায় একটি সফল অভিযান চালিয়ে চাঞ্চল্যকর একাধিক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।



অদ্য ২৫ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ, রাত ১২:৫০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত এলাকার ‘বক্কর মেম্বারের রাস্তার মাথা’ নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী রাসেল ওরফে ল্যাংড়া রাসেল (৩৮) কে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামী ল্যাংড়া রাসেল ওই অঞ্চলের একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, অপহরণ এবং ভয় দেখিয়ে চাঁদাবাজির মতো গুরুতর সব অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে, গত ০১ এপ্রিল ২০২৬ তারিখে উখিয়া থানায় তার বিরুদ্ধে দায়েরকৃত একটি চাঞ্চল্যকর মামলার সে প্রধান পলাতক আসামী ছিল। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২৫) এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু রয়েছে।


গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ