কক্সবাজারে ঘাতক ডাম্পারের কেড়ে নিল ২ প্রাণ, আশঙ্কাজনক ১




কক্সবাজারে ঘাতক ডাম্পারের কেড়ে নিল ২ প্রাণ, আশঙ্কাজনক ১

খরুলিয়ায় মোটরসাইকেলে বেপরোয়া ডাম্পারের ধাক্কা; হাসপাতালে নেওয়ার পর দুই তরুণের মৃত্যু।


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: 

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া এলাকায় মাটি বহনকারী একটি দ্রুতগামী ডাম্পার ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়া পয়েন্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।


নিহত দুই তরুণের নাম রিসান ও সাজি। আহত অপরজনের নাম তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাকে উন্নত চিকিৎসার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ডাম্পার ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার চোটে আরোহীরা ছিটকে মহাসড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিসান ও সাজিকে মৃত ঘোষণা করেন।


কক্সবাজার জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই দুই তরুণের মৃত্যু হয়েছে। আহত অপরজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষত রয়েছে।



দুর্ঘটনার পরপরই ঘাতক ডাম্পার ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ জানায়, ঘাতক ডাম্পারটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ