নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে কক্সবাজারের ১১ জন নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় থেকে সম্প্রতি এই বিশেষ মর্যাদা দেওয়া হয়। মূলত সমাজ, শিক্ষা ও উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে আসাকে উৎসাহিত করতেই এই উদ্যোগ।
এ বছর জেলার টেকনাফ, রামু, ঈদগাঁও এবং কক্সবাজার সদর—এই চারটি উপজেলা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ জন নারীকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। প্রতিটি উপজেলার নারীরাই তাদের সংগ্রামী জীবনের গল্প আর সাফল্যের ছাপ রেখে এই তালিকায় স্থান করে নিয়েছেন।
কক্সবাজার সদর উপজেলা থেকে সফল নারী উদ্যোক্তা হিসেবে আফরিন সুলতানা সুমি এবং শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য রাধু বড়ুয়া চৌধুরীকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া সফল জননী হিসেবে রাহেলা আক্তার এবং সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় হুমায়রা বেগম সম্মাননা পেয়েছেন। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে নতুন উদ্যমে পথচলার স্বীকৃতি পেয়েছেন আমেনা বেগম।
রামু উপজেলা থেকে শিক্ষা ক্ষেত্রে সাফল্যের জন্য রেজিয়া আক্তার এবং সফল নারী উদ্যোক্তা হিসেবে অঞ্জনা বড়ুয়া মনোনীত হয়েছেন। অন্যদিকে, নবগঠিত ঈদগাঁও উপজেলা থেকে শিক্ষায় বিশেষ অবদানের জন্য খুরশীদুল জান্নাত এবং সফল নারী উদ্যোক্তা হিসেবে পারভীন আক্তারের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সীমান্তবর্তী টেকনাফ উপজেলা থেকেও দুই জন গুণী নারীকে এই অদম্য তালিকায় রাখা হয়েছে। তারা হলেন—সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখা রুবিনা আক্তার এবং শিক্ষা ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখা নিবেদিতা ভট্টাচার্য্য।

0 মন্তব্যসমূহ