নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনে ভোট কারচুপির অভিযোগে দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে ওই আসনের সমস্ত নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২২ এপ্রিল) আবেদনের শুনানি শেষে আদালত ব্যালট পেপার, ফলাফল শিটসহ সংশ্লিষ্ট সকল নথিপত্র সংরক্ষণের এই আদেশ প্রদান করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ওই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এই কারচুপির অভিযোগ তুলে রিট আবেদনটি করেন। উল্লেখ্য, ঘোষিত ফলাফলে এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মোহাম্মদ মনির। নির্বাচনের স্বচ্ছতা যাচাই ও কারচুপির অভিযোগ খতিয়ে দেখতেই উচ্চ আদালত এই আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানা গেছে। নথিপত্রগুলো এখন আদালতের নির্দেশনায় নিরাপদ হেফাজতে থাকবে।

0 মন্তব্যসমূহ