গুণী এই শিক্ষকের মৃত্যুতে কালারমারছড়াজুড়ে শোকের ছায়া; আজ বাদ মাগরিব জানাজা।
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের বিশিষ্ট শিক্ষানুরাগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ঈদি আমিন বাহাদুর আর নেই। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদি আমিন বাহাদুর কালারমারছড়া চিকনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছিলেন এলাকার উচ্চশিক্ষার অন্যতম পথপ্রদর্শক। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
মরহুমের স্মৃতি চারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় তরুণ সাদ্দাম হোসেন বলেন, "ঈদি আমিন ভাই ছিলেন আমাদের এলাকার বাতিঘর। আমরা যারা ঢাকা বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি, তাদের অনেকেই তাঁর মূল্যবান পরামর্শ ও সঠিক দিকনির্দেশনায় উপকৃত হয়েছি। এলাকার উচ্চশিক্ষার প্রসারে তাঁর অবদান আমরা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করব।"
সহকর্মীরা জানিয়েছেন, শিক্ষক হিসেবে ঈদি আমিন ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান ও ছাত্রবৎসল। বিদ্যালয়ের পাঠদানের পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক নানা কার্যক্রমে তিনি অগ্রণী ভূমিকা পালন করতেন। তাঁর মৃত্যুতে স্থানীয় শিক্ষা অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
আজ বৃহস্পতিবার বাদ মাগরিব স্থানীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কালারমারছড়ার সর্বস্তরের মানুষ।

0 মন্তব্যসমূহ