চবিতে মস্তিষ্কে রক্তক্ষরণে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর মৃত্যু
ক্যাম্পাস প্রতিনিধি | ১২ এপ্রিল, ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জীবক চাকমা মস্তিষ্কে রক্তক্ষরণে (ব্রেন স্ট্রোক) মারা গেছেন। আজ রবিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয় ও সহপাঠী সূত্রে জানা গেছে, সকালে জীবক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত জীবক চাকমা রাঙামাটির নানিয়ারচর উপজেলার রবিলেন্দু চাকমা ও রেনুকা চাকমার সন্তান। আগামী ১৬ এপ্রিল থেকে তাঁর বিভাগীয় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব চৌধুরী জানান, ওই শিক্ষার্থীকে যখন মেডিকেলে আনা হয়, তখন তিনি সংজ্ঞাহীন ছিলেন। পরে তাঁকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল।
মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নির্দেশনা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক ড. আনোয়ার হোসেন তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

0 মন্তব্যসমূহ