নিজস্ব প্রতিবেদক:
"শিশু আর থাকবে নাকো সহিংসতার ঝুঁকিতে, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র আছে তাদের সাথে" - এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ দুইশত শিশুর মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ ) বাদ আসর কেন্দ্র প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার এবং সঞ্চালনা করেন লাইফস্কিল ট্রেইনার ক্যনু মং মারমা। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করে কেন্দ্রের নিবাসী শিশু নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সাইফুল আলম ফরহাদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর আকতার আলম, কক্সবাজার পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শামীম আকতার, সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার, কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুল আলম সহ আরও অনেকে।
অনুষ্ঠানে শিশুরা ইসলামী সঙ্গীত পরিবেশন করে। এরপর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে অতিথিবৃন্দ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
উদ্যোগটির বিষয়ে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতার বলেন, "আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কেন্দ্রে আশ্রয় পাওয়া সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করতেই আমাদের এই ছোট্ট প্রচেষ্টা।"

0 মন্তব্যসমূহ