মাথা গোঁজার শেষ আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে পরিবার; ৪ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি



নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 


বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গ্রামে ফরিদুল আলমের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আসবাবপত্র, পরনের কাপড় ও প্রয়োজনীয় নথিপত্রসহ সবকিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।



স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ফরিদুলের ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও টিন ও কাঠের তৈরি ঘরটি রক্ষা করা সম্ভব হয়নি। বাড়ির মালিক ফরিদুল আলম জানান, অগ্নিকাণ্ডের সময় ঘরে থাকা কোনো কিছুই বের করা সম্ভব হয়নি। আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রীসহ আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁর দাবি।




ক্ষতিগ্রস্ত ফরিদুল আলমের তিন ছেলের মধ্যে একজন পঙ্গু। মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকু হারিয়ে তিনি এখন দিশেহারা। কান্নায় ভেঙে পড়ে ফরিদুল বলেন, “পরনের একজোড়া কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারিনি। আমার পঙ্গু সন্তানকে নিয়ে এখন কোথায় থাকব, কী খাব—তার কোনো নিশ্চয়তা নেই। আমাদের সব স্বপ্ন এই আগুনে ছাই হয়ে গেছে।”




ফরিদুল আলম তাঁর পরিবার নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন।