কক্সবাজার কবিতা চত্ত্বর সৈকতে ‘জুলাই যোদ্ধা’ ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

 

কক্সবাজার সৈকতে ‘জুলাই যোদ্ধা’ ছাত্রদল নেতা খোরশেদ আলমকে কুপিয়ে হত্যা

পরিচিতরাই ডেকে নিয়ে কাটল হাত-পায়ের রগ; খুনিদের ধরতে মাঠে নেমেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।



কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর এলাকায় খোরশেদ আলম নামে এক তরুণ ছাত্রদল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত খোরশেদ বৈষম্যবিরোধী ‘জুলাই আন্দোলন’-এর একজন সম্মুখসারির সক্রিয় যোদ্ধা ছিলেন। 


মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সৈকত সংলগ্ন বালিকা মাদ্রাসা এলাকার নির্জন অন্ধকারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।



কক্সবাজারের যুবদল নেতা কানন বড়ুয়া বিশাল জানান, মঙ্গলবার রাতে পরিচিত কয়েকজন ব্যক্তি খোরশেদকে ফোন করে কবিতা চত্বর এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করার পাশাপাশি শরীরের বিভিন্ন অংশের রগ কেটে দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


 নিহত খোরশেদ আলমের বাড়ি শহরের পাহাড়তলী এলাকায়। শান্তশিষ্ট ও ভদ্র স্বভাবের এই তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলের শোকে বিলাপ করতে করতে পিতা জানান, "আমার শান্তশিষ্ট সন্তানের কোনো শত্রু থাকতে পারে তা বিশ্বাস হয় না। তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।" স্থানীয় বাসিন্দাদের মতে, খোরশেদ অত্যন্ত অমায়িক ছেলে ছিলেন এবং কারও সাথে তার বিরোধের কোনো পূর্ব রেকর্ড নেই।



 জুলাই গণঅভ্যুত্থানের এই সাহসীর যোদ্ধার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন সহযোদ্ধারা। গণমাধ্যমকর্মী শামসুল ইসলাম শ্রাবণ এই মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এলাকায় প্রশ্ন উঠেছে—এটি কি নিছক ছিনতাই নাকি সুপরিকল্পিত কোনো হত্যাকাণ্ড?


 কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিমেল রায় দৈনিক পূর্বকোণকে জানান, রাত সাড়ে ১০টার দিকে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই জড়িতদের শনাক্ত করতে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনিদের আইনের আওতায় আনতে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার একাধিক টিম একযোগে মাঠে নেমেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ