কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ ও স্থানীয় মানুষের অধিকার আদায়ের আন্দোলনের পরিচিত মুখ, সংবাদকর্মী আব্দুল মালেক আর নেই।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার বাংলাবাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল মালেক সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে রামুর জোয়ারিয়ানালা এলাকায় তিন দিনের একটি বিশেষ প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। আজ ছিল সেই প্রশিক্ষণের শেষ দিন। প্রশিক্ষণ শেষে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে তিনি কক্সবাজার শহরে ফিরছিলেন। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আব্দুল মালেক কক্সবাজার থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক ‘হিমছড়ি’ পত্রিকায় কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি পর্যটন ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। তবে তাঁর বড় পরিচয় ছিল সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ সংরক্ষণ এবং দ্বীপবাসীর নাগরিক অধিকার রক্ষার একজন বলিষ্ঠ সংগঠক হিসেবে। দ্বীপের নানা সংকট ও পর্যটন নিয়ে সরকারি কড়াকড়ির সময় স্থানীয়দের দাবি-দাওয়া তুলে ধরতে তিনি সব সময় সামনের সারিতে থাকতেন। তাঁর এমন অকাল মৃত্যুতে সেন্ট মার্টিন ও কক্সবাজারের সচেতন মহলে গভীর শোক নেমে এসেছে।
মালেকের মৃত্যুর খবর দ্বীপে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সেন্ট মার্টিনের বাসিন্দারা জানান, দ্বীপের যেকোনো সমস্যায় মালেক ছিলেন তাঁদের আস্থার প্রতীক। তাঁর মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়ি সেন্ট মার্টিন দ্বীপে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন স্বজনরা।
কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসি ছমিউদ্দিন জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0 মন্তব্যসমূহ