
নিজস্ব প্রতিবেদকঃ
টেকনাফ পৌরসভা এবং বাহারছড়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সমর্থনে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে টেকনাফ পৌরসভার ইদগাহ মায়দান এলাকায় প্রথম পথসভা অনুষ্ঠিত হয়। পরে একই দিন বিকাল ৫টায় বাহারছড়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। দুটি পথসভাতেই বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকাজুড়ে ব্যাপক সাড়া পড়ে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন,
“হামলার ভয় দেখিয়ে, মামলার ভয় দেখিয়ে আমাদের বোকা বানানো যাবে না। টেকনাফ-উখিয়ার মানুষ এখন সচেতন। তারা আর ভয়ভীতির রাজনীতি মেনে নেবে না।”
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি জনগণের অধিকার, ভোটাধিকার ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সংগ্রাম। অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আইনবিষয়ক সম্পাদক এডভোকেট শাহজালাল চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকউল্লাহ, উপজেলা সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ এবং সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার।
আরও উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, খেলাফত মজলিস টেকনাফ উপজেলা সভাপতি মাওলানা আজিজুল হক, বাংলাদেশ নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরী নেতা সাদেক আরমান, টেকনাফ পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর রবিউল আলম, টেকনাফ সদর জামায়াতের আমীর নাজির উদ্দিন, বাহারছড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. ইসলাম এবং সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান।

সভায় আরও বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী শহীদুল ইসলাম ও আবু ছিদ্দিক আবু। পথসভায় টেকনাফ পৌরসভা ও বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ জনগণও অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচন জনগণের অধিকার পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ। তারা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে বার্তা পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ