‘ধানের শীষে ভোট দিলে ৫ হাজার টাকা, প্রমাণ দিলেও প্রশাসন নির্বিকার’

 



##কক্সবাজার-১ আসনে জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের অভিযোগ

ককক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নির্বাচনী প্রচারণা শুরুর আগেই ‘কালো টাকা’ ছড়ানোর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। তার দাবি, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিনিময়ে ভোটারদের ৫ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং এর ভিডিও প্রমাণ থাকার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।

প্রতীক বরাদ্দের পরপরই আব্দুল্লাহ আল ফারুক গণমাধ্যমকে বলেন, “নির্বাচনী প্রচারণা এখনো আনুষ্ঠানিকভাবে তুঙ্গে ওঠেনি, কিন্তু তার আগেই মাঠপর্যায়ে টাকা বিতরণ শুরু হয়ে গেছে। ধানের শীষে ভোট দিলে ৫ হাজার টাকা দেওয়া হবে—এমন ভিডিও প্রমাণ আমাদের কাছে আছে। আমরা বিষয়টি সুনির্দিষ্ট প্রমাণসহ প্রশাসনকে জানিয়েছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, প্রশাসন এখন পর্যন্ত নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি এবং কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।”
নির্বাচনী এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে উল্লেখ করে তিনি প্রশাসনকে এ বিষয়ে ‘সিরিয়াস’ হওয়ার অনুরোধ জানান।

জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ‘বিকাশ নম্বর’ সংগ্রহ করছে—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফারুক সেটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তিনি বলেন, “টাকা বিলানোর অভিযোগ যখন প্রমাণিত হচ্ছে, তখন সেটিকে কাউন্টার দিতেই জামায়াতের বিরুদ্ধে এসব বায়বীয় ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। এসবের কোনো বাস্তব ভিত্তি বা প্রমাণ নেই।”

উল্লেখ্য, কক্সবাজার-১ আসনে এবার মূল লড়াই হতে যাচ্ছে জামায়াতের আব্দুল্লাহ আল ফারুক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে। হেভিওয়েট প্রার্থী সালাহউদ্দিন আহমদের বিপরীতে ফারুকের এই সরাসরি অভিযোগ নির্বাচনী লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে। স্থানীয়রা মনে করছেন, দুই দলের দীর্ঘদিনের মিত্রতা ভেঙে এবার নির্বাচনী মাঠে মুখোমুখি হওয়ায় ভোটকেন্দ্র ও মাঠের রাজনীতিতে স্নায়ুযুদ্ধ চরম আকার ধারণ করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ